ব্যবসার পরিবেশ উন্নয়ন ও সংস্কারের তাগিদ ইউরোচ্যাম বাংলাদেশের

উদ্যোগ ডেস্ক | শিল্প-বাণিজ্য
নভেম্বর ২, ২০২৬
ব্যবসার পরিবেশ উন্নয়ন ও সংস্কারের তাগিদ ইউরোচ্যাম বাংলাদেশের

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নভিত্তিক ব্যবসায়ীদের সংগঠন ইউরোচ্যাম বাংলাদেশ।

এই বাড়তি সময়কে কাজে লাগিয়ে ব্যবসার পরিবেশ উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্য সুবিধা নিশ্চিত করার জোর তাগিদ দিয়েছে সংগঠনটি।  সোমবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউরোচ্যাম বাংলাদেশ।

সংগঠনটি জানায়, গত ২৯ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সরকারের পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের প্রচেষ্টায় অতিরিক্ত এই সময় পাওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে সংগঠনটি।  এ বিষয়ে বিজ্ঞপ্তিতে সংগঠনটির চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলেন, বাংলাদেশ যে বাড়তি সময় পেয়েছে, তার সুফল পেতে হলে অবশ্যই দৃশ্যমান অগ্রগতির প্রতিফলন থাকতে হবে। এজন্য একটি সুস্পষ্ট সংস্কার পরিকল্পনা, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) দিকে বিশ্বাসযোগ্য অগ্রগতি প্রয়োজন।

‘বাজারে প্রবেশের সুযোগ যখন পূর্বানুমানযোগ্য হবে, নিয়মকানুন ধারাবাহিকভাবে প্রয়োগ করা হবে এবং নতুন শিল্পের বিকাশ ঘটবে, তখন ব্যবসায়ীরা আরও বেশি আস্থার সঙ্গে বিনিয়োগ করতে পারবেন। এমন একটি ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ, সম্প্রসারণ এবং সমান প্রতিযোগিতার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করতে পারে’- যোগ করেন তিনি। 

এতে ইইউর সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির প্রস্তুতির জন্য সমন্বিত আলোচনার অবস্থান, কারিগরি সক্ষমতা এবং বাজারে প্রবেশাধিকার, পণ্যের উৎপত্তির বিধি (রুলস অব অরিজিন) ও বাণিজ্য সহজীকরণ বিষয়ে ধারাবাহিক আলোচনার ওপর গুরুত্ব দিয়েছে ইউরোচেম। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ পর্যায়ে শুল্ক, কর ও লাইসেন্স সংক্রান্ত কার্যক্রমে পূর্বানুমানযোগ্যতা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং দক্ষ লজিস্টিকস ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেওয়া হয়েছে। 

 

শিল্প-বাণিজ্য'র অন্যান্য খবর

সর্বশেষ