ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন চ্যানেল 24-এর সিনিয়র রিপোর্টার ইমদাদ হক। রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ইমদাদ হকের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
ইমদাদ হক ‘অন্য ক্যাডারদের বঞ্চিত করে কেবল প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিনা সুদের গাড়ির ঋণে যেনো কইয়ের তেলে কই ভাজা’ এ নিয়ে দুই পর্বের প্রতিবেদন তৈরি করেন। চ্যানেল 24-এর টেলিভিশন ও ডিজিটালে প্রতিবেদনটি প্রকাশিত হয়। দুই পর্বের এই প্রতিবেদনটির জন্য ‘জনপ্রশাসন ক্যাটাগরিতে’ নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ পান তিনি।
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সদস্যদের জন্য শ্রেষ্ঠ রিপোর্টিং অ্যাওয়ার্ড দেয়।
ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নগদের চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী ও প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। উপস্থিত ছিলেন- জুরিবোর্ডের প্রধান শামসুল হক জাহিদ, ডিআরইউয়ের সভাপতি আবু সালেহ আকন ও ডিআরইউর সাধারণ মাইনুল হাসান সোহেল।
ইমদাদ হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসনে স্নাতক শেষ করে ঢাকা স্কুল অব ইকোনোমিক্স থেকে স্নাতকোত্তর করেছেন উদ্যোক্তা অর্থনীতিতে। এর আগে কাজ করেছেন বণিক বার্তা, সমকাল ও আমাদের সময়ে। বর্তমানে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করছেন চ্যানেল 24-এ। এছাড়া তিনি বাংলাদেশের টেকসই উন্নয়নে অনানুষ্ঠানিক খাতের ভূমিকা নিয়ে এমফিল গবেষণায় নিয়োজিত রয়েছেন। দেশি-বিদেশি জার্নালে গবেষণা প্রবন্ধের পাশাপাশি তার প্রকাশিত বইয়ের সংখ্যা তিনটি।
এর আগে অনুসন্ধানী সাংবাদিকতায় তিনি টিআইবি ফেলোশিপ এওয়ার্ড, এমআরডিআই ফেলোশিপ অর্জন করেন।