অর্থমন্ত্রী

সরকার কঠিন সময়ে দায়িত্ব নিলেও অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে

উদ্যোগ ডেস্ক | খবর
আগস্ট ২২, ২০২৬
সরকার কঠিন সময়ে দায়িত্ব নিলেও অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেয়ার পরও বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়িয়েছে। তিনি এ সাফল্যের পেছনে বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধির মডেলকে কৃতিত্ব দেন।
তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় থাকে। তবে ভালো খবর হলো, অতীতের মতো এবারো কঠিন সময়ে দায়িত্ব নিয়েও আমরা অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে সক্ষম হয়েছি।’
শনিবার রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি: রাজস্ব ও মুদ্রানীতির প্রেক্ষিত এবং বেসরকারিখাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। 
অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাতের নেতৃত্বে প্রবৃদ্ধি অর্জন বিএনপির অর্থনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক দর্শনও একই- বেসরকারিখাত প্রবৃদ্ধির চালিকাশক্তি হবে আর সরকার সেই প্রক্রিয়াকে সহায়তা করবে।

বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, বিনিয়োগ ছাড়া বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ থেকে উত্তরণের কোনো পথ নেই। দেশের ভেতরে বিনিয়োগ না বাড়লে বিদেশী বিনিয়োগও আসবে না।

তিনি জানান, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান অনেক বাধা দীর্ঘদিনের এবং সেগুলো রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে এসব প্রতিবন্ধকতা দূর করতে সরকার নিয়ন্ত্রণমূলক জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে। এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং একটি ওয়েবসাইট চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে ব্যবসায়ীরা সরাসরি সমস্যার কথা জানাতে পারবেন।

আমির খসরু বলেন, ব্যবসা পরিচালনার ব্যয় কমাতে এবং আমদানি ছাড় দ্রুত করতে কাস্টমস ও বন্দর কার্যক্রমে সময়সীমাভিত্তিক ব্যবস্থা চালু করা হচ্ছে।
 

খবর'র অন্যান্য খবর

সর্বশেষ