বাজেট ও রাজস্ব ঘাটতি নিয়ে আইএমএফের উদ্বেগ

উদ্যোগ ডেস্ক | রাজস্ব
অক্টোবর ৩০, ২০২৫
বাজেট ও রাজস্ব ঘাটতি নিয়ে আইএমএফের উদ্বেগ

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি থাকায় কর-জিডিপি অনুপাত নিয়ে অসন্তোষের কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায় বাংলাদেশের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছে সংস্থাটি।

 

আইএমএফের পঞ্চম রিভিউ মিশনের অংশ হিসেবে বুধবার (২৯ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত প্রথম দফার বৈঠক শেষে এই পর্যবেক্ষণ জানানো হয়। ক্রিস পাপাজর্জিউয়ের নেতৃত্বে প্রতিনিধিদলটি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এ সময়ে তারা বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনায় বসবে।

 

বুধবার সকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তারা অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তারা অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি ও বাজেট অনুবিভাগের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।

 

এসব বৈঠকে আইএমএফ প্রতিনিধিরা ঋণচুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশের রাজস্ব আহরণে ঘাটতি কেন হচ্ছে, সে বিষয়ে জানতে চান। এই রাজস্ব ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ বাড়ানোর পরিকল্পনা করছে কি না, সে বিষয়েও তারা জানতে চান।

 

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আইএমএফ প্রতিনিধিদল জানতে চেয়েছে, চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ে রাজস্ব আহরণ বাড়াতে সরকার কী পদক্ষেপ নিতে চায় এবং নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক অস্থিরতা রাজস্ব আহরণে প্রভাব ফেলবে কি না।

চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ধীরগতি নিয়েও প্রশ্ন করেছে আইএমএফ। পাশাপাশি উন্নয়ন ব্যয় ত্বরান্বিত করতে নতুন উদ্যোগের পরিকল্পনা করা হয়েছে কি না, সে সম্পর্কেও তথ্য চেয়েছে সংস্থাটি।

 

অর্থ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “প্রথম দিনের বৈঠকে বিভিন্ন বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে আগামী দিনগুলোতে আরও বিস্তারিত আলোচনা হবে, যেখানে দেশের বিভিন্ন অর্থনৈতিক সূচক নিয়ে গভীরভাবে পর্যালোচনা করা হবে।”

রাজস্ব'র অন্যান্য খবর

সর্বশেষ