বন্ধ বিও চালুর খবরে শেয়ারবাজারে বড় উত্থান

উদ্যোগ ডেস্ক | শেয়ার বাজার
নভেম্বর ৪, ২০২৬
বন্ধ বিও চালুর খবরে শেয়ারবাজারে বড় উত্থান

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব পুনরায় চালুর অনুমোদনের খবরে দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এ সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

এর প্রভাব পড়েছে শেয়ার কেনা-বেচায়। ফলে মূল্য অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার পাশাপাশি বেড়েছে মূল্যসূচক।  বুধবার (৪ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে ডিএসইতে ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন লেনদেনের বাইরে থাকা বিও হিসাবগুলো পুনরায় সচল হলে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে। এতে বাজারের তারল্য ও লেনদেনেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। এদিকে নিয়ন্ত্রক সংস্থার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটি বলেছে, দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিও হিসাবগুলোতে পুনরায় লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত পুঁজিবাজারের জন্য ইতিবাচক। এ জন্য বিএসইসিকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।

বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ এবং কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মোট ৬১৭টি বিও হিসাব স্থগিত করা হয়েছিল। এ অবস্থায় গত ২০ জুলাই বিএসইসি চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করে ডিবিএ। আবেদনে আইনগতভাবে কিংবা সংশ্লিষ্ট কোনো নিয়ন্ত্রক বা সরকারি সংস্থার নিষেধাজ্ঞা না থাকলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিও হিসাবগুলো পুনরায় চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। ডিবিএ’র ওই আবেদনের প্রেক্ষিতে বন্ধ বিও হিসাবগুলো পুনরায় চালু এবং সেগুলোতে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

শেয়ার বাজার'র অন্যান্য খবর

সর্বশেষ